২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে কারখানায় ছুটি

উৎপাদন মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সালনা এলাকার শ্যামলী গার্মেন্টেসে এ ঘটনা ঘটে বলে শিল্প পুলিশ জানিয়েছে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর ওসি মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, বুধবার কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হয়। শ্রমিকরা তখন উৎপাদন মজুরি (পিস রেট) বাড়িয়ে দেওয়ার দাবি জানান। একই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে উৎপাদন মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করতে থাকে। এরপর শনিবার শ্রমিকদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়ে কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। কারখানার এক সুয়িং অপারেটর জানান, উৎপাদন মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ কারখানায় শ্রমিকদের নিয়োগ পত্র প্রদান ও চাকরি স্থায়ী করা হয় না। কারখানাটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কাজ করে জানান ব্যবস্থাপক জহিরুল ইসলাম কাইয়ূম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৩০ ঘ.