কুমিল্লা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রাকচাপায় ৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পদুয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আকুল বিশ্বাস সাংবাদিকদের জানান, পদুয়ার বাজারের বিএডিসি অফিস থেকে বীজ বোঝাই একটি ট্রাক লাকসাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়।
নিহতরা হলেন- অটোরিকশা চালক আলমগীর হোসেন (২৮), উপজেলার কাজিপাড়ার হাসনেয়ারা বেগম (৪৫), তার নাতি মিলি (৮), সুমন পারভেজ (৭), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জের মোস্তফা (২৫),
পুলিশ জানায়, চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওদিকে কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাটে মটর সাইকেলের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দাশেরহাট এলাকার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলো বেগম (৫৫) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাসিন্দা।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ের মধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি মটর সাইকেলটি দুলো বেগমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
এসআই জানান, দুলো বেগম রায়পুরে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/আরএ/১২৫৩ ঘ.
bdnews24