আগরতলা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা রাজ্যের কয়েক হাজার অধিবাসী বুধবার পুনর্বাসনের দাবিতে আগরতলায় সমাবেশ করেছে।
সীমান্ত ভূমি সুরক্ষা কমিটির ব্যানারে এই সমাবেশে কমিটির সভাপতি সুবল ভৌমিক বলেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের নিয়ে মোটেও চিন্তিত নয়।
তিনি বলেন, "সীমান্তে বেড়া নির্মাণ ও অন্যান্য কারণে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর প্রতিবাদেই আমাদের এই সমাবেশ।"
'জেলে ভরো' কর্মসূচির অংশ হিসাবে বুধবার এই সমাবেশে পুনর্বাসনসহ ১৯ দফা দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে সাড়ে ৮ হাজার পরিবার আবাসভূমি হারিয়েছে।
দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
সমাবেশের আগে কয়েক হাজার মানুষ গভর্নরের বাসার সামনে বিক্ষোভ দেখায়। এ সময় হাসান উল্লাহ নামে এক বিক্ষোভকারী বলেন, কাঁটাতারের বেড়ার কারণে তার ঘর, আবাদি জমি, পুকুর সীমান্তের ওপারে চলে গেছে।
তিনি বলেন, "অথচ আমাদের কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি।"
একই দাবিতে ৩ ফেব্র"য়ারি থেকে টানা ১৩ দিন অনশন করে ক্ষতিগ্রস্তরা। তবে রাজ্য সরকার বরাবরই বলে আসছে, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকেই ব্যবস্থা নিতে হবে।
সীমান্ত সুরক্ষা কমিটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ হাজার পরিবারের নাম তালিকাভুক্ত করা, কাঁটাতারের বেড়া জিরো পয়েন্ট বরাবর বসানো, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা এবং ভূমি বরাদ্দ দেওয়া।
বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের ৮৫৬ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২২১৩ ঘ.
bdnews24