ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে নানীকে জবাই করে হত্যার অভিযোগে নাতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে কেরানীগঞ্জের বলসতা গ্রামে এ ঘটনা ঘটে বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতের নাম জুলেখা বেগম (৭০)।
পুলিশ ভোর ৪টার দিকে ওই গ্রামের নানীর কক্ষের মেঝে থেকে জুলেখার জবাই করা লাশ উদ্ধার করে।
ওসি আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে নাতি চঞ্চল (২৪) ও তার সহযোগী চান্দ্রাকে গ্রেপ্তার করা হয়।
"জুলেখার মেয়ে মাফিয়ার সন্তান চঞ্চল একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে নাতিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।"
ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে রাজধানীর পূর্ব ধোলাইপাড়ে কথা কাটাকাটির জের ধরে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ধোলাইপাড় ডিপটির গলির মাঠে এ ঘটনা ঘটে কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহত উজ্জল হোসেন (২২) স্থানীয় একটি ফ্যান ফ্যাক্টরীর শ্রমিক।
নিহতের মা নাজমা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে উজ্জল দাত ব্রাশ করছিল ওই সময় কয়েকজন যুবক তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
তবে তিনি গ্রেপ্তার দুইজনের নাম তাৎক্ষণিক জানাতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24