ঢাকা, মে ১১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম )- বাদী উপস্থিত না হওয়ায় বিজ্ঞাপন মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি (২৪) হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।
বিচারক আগামী ১০ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন।
বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম অবশিষ্ট জবানবন্দি দেওয়ার কথা। তবে ধার্য দিনে তিনি হাজির না হওয়ায় বিচারক ফাতেমা নজীব সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ দেন।
এর আগে গত ১০ এপ্রিল তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম বাদী হিসাবে আংশিক জবানবন্দি দেন।
গত বছরের ১৪ জুলাই এ মামলায় এ মামলার একমাত্র পলাতক আসামি সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০০২ সালের ১০ নভেম্বর তিন্নির লাশ বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়। এর একদিন পরে কেরানীগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করে।
২০০৮ সালের ৮ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৎকালীন সহকারী কমিশনার মোজাম্মেল হক শুধু অভিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯৪০ ঘ.
bdnews24