সিলেট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকশাভ্যানে ধাক্কা লাগার জেরে সিলেট নগরীতে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার বিকালে বনকলাপাড়া আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন- আব্দুস শহীদ, বানু মিয়া, শোয়েব, রুয়েদ, আজাদ মিয়া, সোহেল, নুর মিয়া ও সোনাই মিয়া।
তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বনকলাপাড়া এলাকার আব্দুস শহীদ তার নাতনীকে নিয়ে স্থানীয় আজাদ মিয়ার মুদি দোকানে যান।
এ সময় অজাদ মিয়ার ভাই ভ্যানচালক নুর মিয়ার রিকশাভ্যানের ধাক্কায় শহীদ পড়ে যান। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শহিদ ও আজাদের পক্ষের লোকজন দা, লাটিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিলেট কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ সাংবাদিকদের বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24