গোপালগঞ্জ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বাসচাপায় তিন জনের মৃত্যুর পর স্থানীয়রা ওই বাসটি পুড়িয়ে দিয়েছে। মারধর করেছে চালককে।
বুধবার বিকাল ৪টায় শহরতলীর চেচানিয়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। দুর্ঘটনার কারণে কয়েক ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
বাসচাপায় নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের বিনোদিনী মজুমদার (৫০), তার ছেলে বলাই মজুমদার (২৭) এবং একই গ্রামের ভ্যানচালক আমীর আলী (৪৫)।
তারা সবাই একটি ভ্যানে ছিলেন। পিরোজপুরের নাজিরপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটি চাপা দেয়।
স্থানীয়রা জানায়, ভ্যানটি বাসের নিচে ঢুকে যায়। এরপর বাসটি চলতে থাকলেও নিচের অংশে ভ্যান আটকে তার গতি থমকে যায়। তখন জনতা বাসটি আটকে চালককে মারধর এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, বাসচাপায় তিন জন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ গিয়ে জনতার হাত থেকে বাসচালক স্বপন কুমার দাসকে (৫০) উদ্ধার করে। দমকল বাহিনী গিয়ে বাসের আগুন নেভায়।
স্বপনকে গোপালগঞ্জ আড়াইশ' শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩
কুড়িগ্রাম, গাজীপুর ও বাগেরহাটে বুধবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
কুড়িগামের দুর্ঘটনাটি ঘটে ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের সাহাপাড়া এলাকায় ভুরুঙ্গামারি-পাগলার হাট সড়কে। দুপুর সাড়ে ১২টার দিকে শ্যালোইঞ্জিনচালিত একটি ভটভটি সেখানে উল্টে এক জন নিহত এবং তিন জন আহত হন।
নিহত হন কলিমুদ্দিন (৭০) তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাটগোপালপুর গ্রামে। তিনি একজন মুক্তিযোদ্ধা। আহতরা হলেন- ফাতেমা ইয়াসমিন (৩২), রোকসানা বেগম (৩০) ও খোদেজা বেগম (২৫)।
গাজীপুর সদর উপজেলার মালেকেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয় একটি শিশু।
নিহতের নাম হৃদয় হোসেন ইতু (১৪)। সে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পোড়াবাড়ি এলাকার হারেজুল মিয়ার ছেলে।
মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, হৃদয় মঙ্গলবার মালেকেরবাড়ি এলাকায় তার ভগ্নিপতি শফিকুলের বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুর ৩টার দিকে সে ভগ্নিপতির সঙ্গে দেখা করার জন্য কারখানায় যাবার পথে অজ্ঞাত ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।
বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় নিহত হন অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৬০)। দুপুরে ফলতিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24