সাতক্ষীরা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলায় 'মিয়ানমারের' ছয় শিশুসহ এক পরিবারের আটজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে স্থানীয়রা তাদের আটকের পর পুলিশে সোপর্দ করে।
এরা হলেন- মিয়ানমারের আইক্যাম্প জেলার বুজিদং গ্রামের গুনু মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ (৪০), তার স্ত্রী সমজিরা বেগম (৩০), তাদের সন্তান সুলতান মাহমুদ (৯), আমিন (৮), সিরাজ মোস্তফা (৭), কোহিনুর (৬), সিরাজুল (৪) ও ওসমান (২)।
থানায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠান বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খান জানান, মিয়ানমারের নাগরিক আব্দুর রশিদ ও তার স্ত্রী সন্তানদের নিয়ে বাস টার্মিনালে ঘোরাফেরা করার সময় তাদের ভাষা কেউ বুঝছিল না।
এতে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আটকদের বরাত দিয়ে ওসি আরো জানান, আবুল হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় সূত্রে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে।
তবে আবুল হোসেনের বিস্তারিত পরিচয় কিংবা তার বাড়ির ঠিকানা জানাতে পারেনি তারা।
এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক হারান চন্দ্র বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24