২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়াদের পুনর্বাসনে সংসদীয় কমিটির সুপারিশ

হিজড়াদের পুনর্বাসনের সুপারিশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিজড়াদের পুনর্বাসনের সুপারিশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ সংক্রান্ত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বিভিন্ন এলাকার হিজড়াদের সামাজিক অবস্থা, তাদের জীবন সংগ্রাম এবং তাদের বিষয়ে মানুষের মধ্যে ভীতি নিয়ে আলোচনা হয়। 'তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্প প্রণয়নে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।' বৈঠকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১১ অনুষ্ঠান নিয়ে আলোচনা হয় এবং কমিটির ১৪তম বৈঠকে নির্বাচন স্থগিতাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচন চালু রাখার সুপারিশ করা হয় । এছাড়া বৈঠকে ১৯৯৪-২০০৪ মেয়াদি প্রকল্পের আওতায় সিলেট ও খুলনা ভবঘুরে প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ অসমাপ্ত থাকা এবং নির্মাণ কাজ মানসম্মত না হওয়া সম্পর্কে মতামত দিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, আ ক ম বাহাউদ্দিন, চেমন আরা বেগম এবং মাহজাবীন মোরশেদ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/পিডি/১৮১৪ ঘ.