২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে ভোট চলছে

গোলযোগের কারণে স্থগিত হওয়া নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 04:24 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

নোয়াখালী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে স্থগিত হওয়া নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় পৌরসভার নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। তা টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন ঝালকাঠী জেলা নির্বাচন কর্মকর্তা বজলুরকে সেনবাগ পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছে। নয়টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন নোয়াখালীর জেলার বাইরে থেকে আসা নয় জন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোটকেন্দ্রে ও নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। গত ১৮ জানুয়ারি সেনবাগে নির্বাচনের সময় কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন পৌরসভার নয়টি কেন্দ্রের সবকটিতে ভোট স্থগিত করে। পরে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেনবাগ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১১৯ জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবু জাফর টিপু, বিএনপির ফারুক বাবুল এবং জাতীয় পার্টির তালেবুজ্জামানসহ মোট নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৫ ঘ.