গাজীপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।
মঙ্গলবার বিকালে কামরাঙ্গাচালা এলাকায় নিউ লাইন ক্লোথিংস লিমিটেডে এ ঘটনা ঘটে।
পরে কারখানার মালিক এসে বুধবার তাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
শ্রমিকদের বরাত দিয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কারখানাটির শ্রমিকদের এপ্রিল মাসের বেতন নেওয়ার জন্য চার দিন আগে মালিকপক্ষ প্রত্যেককে একটি করে টোকেন দেয়।
কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও বেতন না পেয়ে বিকালে শ্রমিকরা বেতন দাবি করলে কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়া হবে না বলে জানিয়ে দেয়।
এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটক বন্ধ করে ভিতরে বিক্ষোভ শুরু করে।
ওই সময় আইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেয়নি।
বিকাল ৫টা পর্যন্ত বেতনের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক ভেতরের আসবাবপত্র ভাংচুর শুরু করে।
এ সময় কর্তৃপক্ষের খবর পেয়ে ইন্ড্রস্ট্রিয়াল পুলিশ ও মৌচাক ফাঁড়ি পুলিশ গেলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে ওঠে। তারা কারখানা থেকে পুলিশ সড়িয়ে নেওয়ার দাবি জানায়।
এরপর ঢাকা থেকে কারখানার মালিক এসে ভিতরে ঢুকতে চাইলে শ্রমিকরা তাকেও অন্তত একঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখে।
পরে পুলিশ সরিয়ে নিলে শ্রমিকরা মালিককে ভিতরে প্রবেশ করতে দেয়।
এরপর শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের প্রায় দুইঘণ্টা বৈঠক হয়।
বৈঠকে বুধবার এপ্রিল মাসের বেতন ও এখন থেকে প্রতি মাসের ১০ তারিখ শ্রমিকদের বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বলেন, মালিকপক্ষ ও শ্রমিকরা বৈঠক করে বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করার ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24