ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্যপ্রয়াত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল নুরুজ্জামান বীর উত্তমকে স্মরণ করেছেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার তার স্মরণে জাতীয় প্রেসক্লাবে ৭ নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডাররা অংশ নেন। নুরুজ্জামান ৭ নং সেক্টরের কমান্ডার ছিলেন।
১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর বলেন, "তিনি অবিভাবকহীন মুক্তিযোদ্ধাদের অবিভাবক হয়ে দাঁড়িয়েছিলেন। সুযোগ থাকলেও তিনি সরকারি কোনো সাহায্য কিংবা পদোন্নতি গ্রহন করেননি। যুদ্ধের ময়দানে তিনি যেমন আপোষহীন ছিলেন ঠিক তেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপোষহীন থেকেছেন।"
৩ নং সেক্টরের মুক্তিযোদ্ধা মে. জে. ইব্রাহিম (অব) বলেন, "স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের সমন্বয় করার এক অগ্রগণ্য সৈনিক ছিলেন কর্নেল জামান। সরকার প্রদত্ত বীর উত্তম খেতাব তিনি প্রত্যাখান করেছিলেন। তিনি বলেছিলেন আমার অধীনস্ত মুক্তিযোদ্ধারা যদি সবাই খেতাব না পায় তাহলে আমি এ খেতাব নেব না।"
লে. কর্নেল নুরুজ্জামান মুক্তিযুদ্ধ শুরুর আগে পূর্ব পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাহিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরু করার পরপরই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।
তার পরিবারের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। নুরুজ্জামানের স্ত্রী ডা. সুলতানা জামান মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের মহিদিপুর সাব সেক্টরে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। তার দুই মেয়ে নায়লা ও লুবনা ছিলেন সেখানে প্রথম সেবিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২১৪ ঘ.
bdnews24