ভোলা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলায় বড়ভাইয়ের হামলায় ছোটভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।
এ সময় নিহতের স্ত্রী ও ছেলেমেয়ে আহত হয়েছে।
নিহত মো. আলী (৫৫) লালমোহন পৌর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- মো. আলীর স্ত্রী ফুলজান বিবি, ছেলে সজিব ও মেয়ে নুরুন্নাহার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. আলীর স্ত্রী ফুলজান বিবি জানান, পৌর এলাকায় বাড়ির জমি নিয়ে তার ভাসুর সহিদ মাস্টার ও আ. বারেকের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
এর জেরে সকালে বারেক ও তার ছেলেমেয়েরা মো. আলীর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তিনি নিজেসহ (ফুলজান) ছেলেমেয়েরাও আহত হন।
আহতদের প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মো. আলীকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. শরিফ।
লালমোহন থানার ওসি শিলমনি চাকমা রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। অভিযোগ নিয়ে এখনো কেউ আসেনি। এলেই মামলা নেওয়া নেওয়া হবে।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.
bdnews24