চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে সরকারি শিপিং কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকালে দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. শফিউল আলম ডবলমুরিং থানায় শিপিং মাস্টার আলী আম্বিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।
দুদকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মেজর ফয়সাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের অনুসন্ধানে আলী আম্বিয়ার সম্পদ বিবরণীতে ৮৭ লাখ ৩ হাজার ৪০২ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪০ লাখ ৪৬ হাজার ২২৮ টাকার সম্পদের বিষয়টি গোপন করার প্রমাণ মিলেছে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার নথি আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/২০৩৭ ঘ.
bdnews24