২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা: জাতিসংঘ কর্মদশক শুরু বুধবার

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘের দশক কর্মপরিকল্পনা বুধবার থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘের দশক কর্মপরিকল্পনা বুধবার থেকে শুরু হবে। বাংলাদেশে প্রতিদিন অন্তত ১০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। আহত হয় তার থেকে ৮ থেকে ১০ গুণ বেশি। সরকার এ প্রকল্পের আওতায় ২০১১ থেকে ২০২০- এই ১০ বছরে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে। জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান ও ট্রমা ম্যানেজমেন্ট সেন্টার নির্মাণের ওপর জোর দিয়ে মূলত এ লক্ষ্য অর্জিত হবে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মোহাম্মদ শেফায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনা বিষয়ক ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পথচারীদের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। যদিও সড়ক দুর্ঘটনায় নিহতের প্রায় ৫৪ শতাংশই পথচারী। অধ্যাপক শেফায়েত উল্লাহ বলেন, সড়ক ব্যবহারকারীদের আচরণ পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হবে, তবে তা কীভাবে ও কখন তা এখনই বলা যাচ্ছে না। বাংলদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অ্যাকশন রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)-এর বিশ্লেষক কাজী জাকারিয়া ইসলাম বলেন, আমাদের উচিৎ পথচারীদের নিরাপত্তা বিধান ও চালকদের প্রশিক্ষণ দেওয়া। কেবল সচেতনতা বৃদ্ধিই যথেষ্ঠ নয়। যদি ফুটপাথই না থাকে, তবে পথচারীরা সতর্ক হয়ে কোথায় হাঁটবে? এমনকি অনেক জেলাশহরেও ফুটপাথ নেই। আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার নির্ণয় করতে হবে। এআরআই-এর তথ্যানুযায়ী, পথচারীদের মৃত্যুর ১৩ শতাংশ হয় মুখোমুখি সংঘর্ষ আর ১১ শতাংশ হয় পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণে। তাদের মতে, সড়কের কিছু অংশ প্রশস্ত করে ও কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রবর্তন করে এ দুর্ঘটনা কমানো সম্ভব। শেফায়েত উল্লাহ জানান, তারা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছেন। দশক কর্মপরিকল্পনা বাস্তবায়নে যোগাযোগসহ আটটি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর প্রায় ৪০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘের দশক কর্মপরিকল্পনা প্রধান ড. এ কে এম জাফর উল্লাহ বলেন, এ কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা প্রায় ৫০ লক্ষ মৃত্যু ও ৫০ কোটি আহত হওয়ার ঘটনা রোধ করতে সক্ষম হবো। ২০১০ সালের ২ মার্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনে সড়ক দুর্ঘটনা রোধে পরবর্তী দশকে (২০১১-২০২০) কর্মপরিকল্পনা গ্রহণের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/পিডি/