২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারকের খপ্পড়ে বরিশাল সিটি মেয়র

মোবাইল ফোনে প্রতারণার শিকার হলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

বরিশাল, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে প্রতারণার শিকার হলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। এক যুবক প্রতারণা করে মেয়রের কাছ থেকে ৫ লাখ টাকা নেয়ার পর দ্বিতীয়বার আরো ২ লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে। ওই যুবকের নাম সৈয়দ শাহাদাত হোসেন। সে ফরিদপুরের পাতিলাদি এলাকার সৈয়দ শাহ আলমের ছেলে। র‌্যাব সদস্যরা গত ৮ মে ফরিদপুর থেকে তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মেয়রের একান্ত সচিব মঞ্জুর আলম বাদী হয়ে সোমবার বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ মে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ মারুফ পরিচয় দিয়ে এক ব্যক্তি মেয়র হিরনের কাছে টেলিফোন করেন। তিনি ঘনিষ্ঠজনের চিকিৎসার কথা বলে মেয়রকে ৫ লাখ টাকা মাসুদ নামের এক যুবককে দিতে বলেন। মেয়র ওই দিন তার একান্ত সচিব মঞ্জুর আলমের মাধ্যমে বেসরকারি ক্যুরিয়ার সর্ভিস এসএ পরিবহনের মাধ্যমে ৫ লাখ টাকা পাঠান। এরপর মেয়র শেখ মারুফের সাথে যোগাযোগ করলে মারুফ তাকে জানান, তিনি ফোন করে কোন টাকা দিতে বলেননি। এই ঘটনার দুইদিন পর ৭ মে ওই প্রতারক যুবক নিজেকে মাসুদ পরিচয় দিয়ে মেয়রকে ফোন করেন এবং আরো দুই লাখ টাকা দেওয়ার জন্য বলেন। তখন মেয়র কৌশল অবলম্বন করেন এবং তাকে টাকা পাঠানোর কথা বলে র‌্যাবকে বিষয়টি জানান। র‌্যাব সদস্যরা মাসুদ নামধারী যুবক সৈয়দ শাহাদাত হোসেনকে ফরিদপুরে আটক করে। প্রতারণা করে নেয়া টাকা তার কাছ থেকে উদ্ধার করেছে র‌্যাব। শাহাদাতকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতে হাজির করা হয়। আদালত তাকে বরিশালে নেওয়ার অনুমতি দেন। তাকে বরিশালে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩৯ ঘ.