ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর বাবদে প্রায় ১৩ কোটি টাকা ফাঁকির অভিযোগে পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমসহ আট জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. আশরাফুজ্জামান মঙ্গলবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।
এতে ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেম; কোম্পানির পরিচালক হাশেমের স্ত্রী সুলতানা হাশেম, তাদের পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাসুদ, আজিজ আল মাহমুদ, শওকত আজিজ, আশফাক আজিজ এবং সাধারণ ব্যবস্থাপক জয়নাল আবেদীনকে আসামি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌঁসুলি শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক মো. জহুরুল হক সন্ধ্যা পর্যন্ত এ মামলার বিষয়ে কোনো আদেশ দেননি।
মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত ১২ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৩৮৫ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।
গত বছরের ২৩ অগাস্ট হাশেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলা করে এনবিআর। এছাড়া হাশেম ও তার পরিবারের বিরুদ্ধে গত ২৭ ফেব্র"য়ারি দায়ের করা হয় আরেকটি মামলা।
ওই দুটি মামলাও ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৮৫৭ ঘ.
bdnews24