নারায়ণগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এই অভিযানকালে দুটি ড্রেজার, বালুবাহী ৬টি বাল্কহেড আটক করা হয়েছে। আটক করা হয়েছে ৯ শ্রমিককে। প্রতিটি নৌযানকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল রউফ তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কোস্টগার্ড পাগলা স্টেশনের বিপুল সংখ্যক সদস্য এ সময় উপস্থিত ছিলো।
ম্যাজিষ্ট্রেট আব্দুল রউফ তালুকদার জানান, মেঘনায় বালু উত্তোলনের ইজারার মেয়াদ শেষ হয়েছে ৩০ চৈত্র। কিন্তু এর পরও ইজারাদাররা বালু উত্তোলন করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এম.ভি মা এন্টারপ্রাইজ ও জৈনপুরী এন্টারপ্রাইজ নামের দুটি ড্রেজার এবং এম. ভি শাহেদ আলী, লৌহজং, নূর মদিনা, হাসনা হেনা, অলিন্দসহ মোট ৬টি বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে। এসব নৌযানে কর্মরত ৯ শ্রমিককে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক করা হয়েছে।
এ ছাড়া প্রত্যেক নৌযানকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে জরিমানার টাকা পরিশোধে আদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪২ ঘ.
bdnews24