২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর কর্মচারীদের পেনশন চালুর দাবি

স্থায়ী কর্মচারীদের অবসর ভাতা (পেনশন) সুবিধা চালুসহ ৯ দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী কর্মচারীদের অবসর ভাতা (পেনশন) সুবিধা চালুসহ ৯ দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব সামসুদ্দিন আসালত এ আহ্বান জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, "দেশের ছয়টি সিটি করপোরেশন ও ৩০৯টি পৌর সভায় প্রায় এক লাখ ২০ হাজার কর্মচারী রয়েছে। এর মধ্যে স্থায়ী কর্মচারীরা সরকারি কর্মচারীদের মতো একই বেতন স্কেলে বেতন পেলেও পেনশন সুবিধা পায় না।" "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব কর্মচারীদের পেনশন দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছিলো। কমিটি তাদের সুপারিশ মন্ত্রী পরিষদ বিভাগে পাঠালেও সে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি।" গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পেনশন চালুসহ ৯ দফা দাবি পূরণের লিখিত আবেদন জানানো হয়। "তাই কর্মচারীদের পরিবার-পরিজনের কথা ভেবে দাবিসমূহ মেনে নিতে সরকারের কাছে অনুরোধ করছি", বলেন মহাসচিব। ফেডারেশনের অন্য দাবির মধ্যে রয়েছে- সরকারের রাজস্ব খাত থেকে পৌর কর্মচারীদের বেতন পরিশোধ, সিটি করপোরেশনের কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান, সিটি ও পৌরসভার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা। এছাড়া পদোন্নতিযোগ্য পদে সরাসরি নিয়োগ বন্ধ করে কর্মচারীদের নিয়োগ দেওয়া এবং সব কর্মচারীকে সিলেকশন গ্রেডের অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৬০৯ ঘ.