২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলায় আরো ৫ জনের সাক্ষ্যগ্রহণ

মিগ-২৯ যুদ্ধবিমান কেনা দুর্নীতির মামলায় মঙ্গলবার আরো পাঁচ জনের সাক্ষ্য নিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান কেনা দুর্নীতির মামলায় মঙ্গলবার আরো পাঁচ জনের সাক্ষ্য নিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার বিশেষ বিভাগীয় জজ মো. আব্দুল মজিদের আদালতে এ সাক্ষ্যগ্রহণ চলে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে আগামী ১৮ মে। সকাল থেকে দুপুর পর্যন্ত সাক্ষ্য দেন বিমান বাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল ফকরুল আজম, আবু এশরার, আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবুল বাশার ভূঁইয়া, সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিন এবং মামলার আংশিক তদন্ত কর্মকর্তা তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী সামশুল ইসলাম। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসামির তালিকায় থাকলেও পরে উচ্চ আদালতের আদেশে অব্যাহতি পান তিনি। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩২ জনের সাক্ষ্য নেওয়া হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের পেশকার রফিকুল ইসলাম। গত ৩ মে এ মামলায় একদিনে রাষ্ট্রপক্ষে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বাদির আংশিক সাক্ষ্য গ্রহণের দিনই প্রধান আসামি শেখ হাসিনার আবেদনে হাইকোর্ট মামলার বিচার কাজ স্থগিত করে দেয়। ২০১০ সালের ৯ মার্চ হাইকোর্ট শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়। মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের সময় এ মামলার সাত আসামির মধ্যে শুধু তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত আদালতে হাজির ছিলেন। অপর ছয় আসামির মধ্যে সাবেক বিমান বাহিনী প্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান ২০০৮ সালের ৩ অগাস্ট মারা গেছেন। বাকি পাঁচ আসামি হলেন, ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত। এদের মধ্যে নূর আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছে। বাকিরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালের ১১ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা জাহিদ তেজগাঁও থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে করে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে নিজেরা লাভবান হওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ কোটি টাকা মূল্যে ৮টি মিগ-২৯ ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫০৭ ঘ.