২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের দুটি কারখানায় মঙ্গলবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সাভার, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের দুটি কারখানায় মঙ্গলবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। একই মালিকের তৈরি পোশাক কারখানা আলফা ফ্যাশনস লিমিটেড ও আলফা প্যাটেন লিমিটেডের প্রায় ছয় শতাধিক শ্রমিক বিক্ষোভ করে বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্পাঞ্চল পুলিশ-১ এর আশুলিয়া জোনের উপ-পরিচালক ফয়েজুল কবির জানান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষর (বেপজা) নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের আগের মাসের বেতন পরিশোধ করে দেওয়ার কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আর্থিক সমস্যার কারণে সময়মতো বেতন দিতে না পারায় এ ঘটনা ঘটে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে নোটিশ বোর্ডে দেখতে পায় তাদের এপ্রিল মাসের বেতন আগামী ১৫ মে দেওয়া হবে। এরপরই তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।" দুই কারখানার একাধিক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেতন-ভাতা না দিলে কঠোর আন্দোলন করা হবে। এ ব্যাপারে বেপজার মহাব্যবস্থাপক আশরাফুল কবীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০১ ঘ.