২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে ভোট বুধবার

গোলযোগের কারণে স্থগিত হওয়া নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন হবে বুধবার। এ জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

নোয়াখালী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে স্থগিত হওয়া নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন হবে বুধবার। এ জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। গত ১৮ জানুয়ারি সেনবাগে নির্বাচনের সময় কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন পৌরসভার নয়টি কেন্দ্রের সবকটিতে ভোট স্থগিত করে। পরে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঝালকাঠী জেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রহমানকে সেনবাগ পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছে। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।" নয়টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নোয়াখালীর জেলার বাইরে থেকে আসা নয় জন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোটকেন্দ্রে শান্তিশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী থাকবে। সেনবাগ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১১৯ জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবু জাফর টিপু, বিএনপির ফারুক বাবুল এবং জাতীয় পার্টির তালেবুজ্জামানসহ মোট নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.