ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস ওয়াচ দাবি করেছে, হত্যা ও নির্যাতনের ছাড়পত্র নিয়ে র্যাব কাজ করছে। সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এ বাহিনীকে বিলুপ্ত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে এ বাহিনীর প্রতি সমর্থন তুলে নিতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়ে সর্বশেষ একটি প্রতিবেদনে হিউমেন রাইটস ওয়াচ এ বক্তব্য তুলে ধরেছে বলে যুক্তরাষ্ট্রের দৈনিক গার্ডিয়ান মঙ্গলবার জানিয়েছে।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের মুখে থাকা র্যাব বাহিনীর প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা বন্ধ করার জন্য এর আগেও আহ্বান জানিয়ে আসছে নিউইয়র্কভিত্তিক এ সংগঠনটি।
বাংলাদেশে বর্তমান মহাজোট সরকারের দুই বছরের শাসনে র্যাবের 'নির্যাতন-হত্যা' বেড়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এ সময়কালে প্রায় ২০০ জনকে 'হত্যা' করেছে র্যাব।
র্যাবের নির্যাতনের স্বীকার কয়েকজন এবং তাদের স্বজনের কথাও তুলে ধরা হয় ৫৪ পৃষ্ঠার ওই প্রতিবেদনে।
হিউমেন রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ব্রাড এডামস গার্ডিয়ানকে বলেন, "র্যাবের হত্যা বন্ধের জন্য দুই বছর সময় সরকারের জন্য যথেষ্ট ছিলো। কিন্তু তা তারা করেনি। এখন এ বাহিনীর নৃশংসতার বিস্তার ঘটছে। আর তা থামাতে সরকারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।"
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র্যাব।
গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এ বাহিনীকে দায়ী করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যেমন রয়েছে, তেমনি নিরাপরাধ লোকও রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেন র্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পা হারানোর পর এ বাহিনীর সমালোচনায় মুখর হয় দেশের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও এ ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন।
সন্ত্রাসবিরোধী অভিযানের কৌশলের অংশ হিসেবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অন্তত ২০০৮ সাল থেকে র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে বলে গত ডিসেম্বরে উইকিলিকসের ফাঁস করা গোপন নথিতে প্রকাশ পায়।
র্যাবকে প্রশিক্ষণ দেওয়ায় দেশেও সমালোচনার মধ্যে পড়ে যুক্তরাজ্য সরকার।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার গার্ডিয়ানকে বলেন, "এ মুহূর্তে যুক্তরাজ্যের কোনো বাহিনী র্যাবকে প্রশিক্ষণ দেওয়ায় কাজে সম্পৃক্ত নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩০৫ ঘ.
bdnews24