২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ভুল বোঝাবুঝিতে' ব্যবসায়ীকে পেটালো র‌্যাব

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে ভর দুপুরে এক ব্যবসায়ীকে দোকান থেকে বের করে নিয়ে পিঠিয়েছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

বাগেরহাট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে ভর দুপুরে এক ব্যবসায়ীকে দোকান থেকে বের করে নিয়ে পিঠিয়েছে র‌্যাব সদস্যরা। এর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা সোমবার বিকেলে খুলনা-মংলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শত শত যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে। পরে র‌্যাব কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। র‌্যাবের পিটুনিতে আহত দেবাশিস সরদারের (২৬) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায়। বাগেরহাটে তার শ্বশুরবাড়ি। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। র‌্যাব কর্তৃপক্ষ বলছে, ছুটিতে থাকা এক সেনা সদস্য ভুল বুঝিয়ে র‌্যাব সদস্যদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। দেবাশিস জানান, চুলকাঠি বাজারের মেসার্স মদন স্টোরের মালিক মদন দাস তার শ্বশুর। অসুস্থ শ্বশুরকে দোকান পরিচালনায় সহযোগিতা করতে গত ৩০ এপ্রিল তিনি সাতক্ষীরা থেকে বাগেরহাটে আসেন। যেভাবে ঘটনার সূত্রপাত পহেলা মে সকালে দোকানে কাজ করার সময় বাজারের চা বিক্রেতা আইয়ুব আলীর সঙ্গে সেনা সদস্য আব্দুল আজিজের মারামারি হয়। এ সময় আব্দুল আজিজ দৌঁড়ে দোকানে ঢুকতে গেলে অপরিচিত বলে তাকে বাধা দেন দেবাশিস। এরপর থেকেই আজিজ বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিলেন বলে দেবাশিস দাবি করেন। তিনি বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে কয়েকজন র‌্যাব সদস্য তাকে দোকান থেকে বাইরে ডেকে নেয়। এরপর কোনো প্রশ্ন না করেই মারধর শুরু করে তারা। প্রায় ২০ মিনিট ধরে পেটানোর পর গাড়িতে করে চলে যায় র‌্যাব সদস্যরা। দেবাশিস জানান, সেনা সদস্য আব্দুল আজিজও এ সময় র‌্যাবের সঙ্গে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল আজিজ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে সৈয়দপুর সেনানিবাসে কর্মরত আছেন। তিনি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে ছুটিতে গ্রামের বাড়ি এসেছেন। তবে ঘটনার পর চুলকাঠি বাজার ও পাইকপাড়া গ্রামের বাড়িতে খোঁজ করে আব্দুল আজিজকে পাওয়া যায়নি। ২৪ ঘণ্টার আল্টিমেটাম এই ঘটনার প্রতিবাদে বিকেলে ৩টার পর দোকান বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন বাজারের ব্যবসায়ীরা। বাজারে আয়োজিত এক সমাবেশে ঘোষণা দেওয়া হয়, দেবাশিসকে পেটানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে। চুলকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার দাস, খানপুর ইউপি চেয়ারম্যান তরফদার আমির আলী, পাশের রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামীম আসনু এ সময় বক্তব্য রাখেন। র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. শোয়েব ঘটনা তদন্ত করেতে বিকেলে বাজারে আসেন। তার আশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ীরা বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেন। কাজী মো. শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাব-৬ এর অধিনায়কের নির্দেশে আমি এখানে এসেছি। ঘটনা সম্পর্কে আমরা প্রত্যক্ষদর্শী ও আহত দেবাশিসের বক্তব্য নিয়েছি।" ' ভুল বুঝিয়ে নিয়ে যায়' র‌্যাব-৬ এর অধিনায়ক ও অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক বখতিয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী থেকে আসা র‌্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) শাহাদাতের নেতৃত্বে একটি দল সোমবার বাগেরহাটের ওই এলাকায় ভেজাল বিরোধী অভিযানে যায়। ছুটিতে থাকা একজন সেনা সদস্য দুপুরের দিকে এসে শাহাদাতকে ভুল বুঝিয়ে চুলকাঠি বাজারে নিয়ে যায়। সেখানে শাহাদাৎ ওই ব্যবসায়ীকে (দেবাশিস) কয়েকটি চড় থাপ্পড় দেয়। তিনি বলেন, "এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" চুলকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত দাস বলেন, "চা দোকানদার আইয়ুব আলীর সঙ্গে আব্দুল আজিজের বিরোধের বিষয়টি নিয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর শেখ, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম ও বাজার ব্যবসায়ী সমিতি তিন দফা সালিশ করেছে। ঘটনা মিমাংসাও করে দেওয়া হয়েছে। "কিন্তু র‌্যাব সদস্যরা আমাদের কিছু না জানিয়ে এভাবে একজন নিরপরাধ ব্যবসায়ীকে সবার সামনে দোকান থেকে বের করে মারধর করায় আমরা বিষ্মিত।" খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর শেখ বলেন, "মাত্র তিন দিন আগে আমি দুইপক্ষকে ডেকে ঘটনার মিমাংসা করেছি। কিন্তু দেবাশিসের সঙ্গে তো আব্দুল আজিজের বিরোধ ছিল না। এ জন্য আজিজের শাস্তি হওয়া উচিৎ।" বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। র‌্যাব বিষয়টি নিজেদের মতো করে তদন্ত করছে। এখনো কেউ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩২ ঘ.