লক্ষ্মীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাচার সঙ্গে 'অনৈতিক' সম্পর্কের অভিযোগ তুলে ফতোয়ার মাধ্যমে একঘরে করে রাখায় বিষপানে আত্মহত্যা করলেন লক্ষ্মীপুরের শাবানা বেগম (১৮)।
বিষপানে গুরুতর অসুস্থ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার চাচা মো. রিপনও (২০)।
পুলিশ বলছে, সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের এই পরিবারকে গত ১৫ দিন ধরে একঘরে করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। আগামী শুক্রবার তাদের বিচার করারও ঘোষণা দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে রোববার বিকালে বিষ পান করেন শাবানা ও রিপন। রাতেই মৃত্যু হয় শাবানার।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি মো. সারোয়ার আলম জানান, শাবানা গ্রামের প্রতিবন্ধী আব্দুস শহিদের মেয়ে। আর রিপন চট্টগ্রামে রাজমিস্ত্রীর কাজ করেন। শাবানা সম্প্রতি রিপনের সঙ্গে চট্টগ্রাম গেলে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে এলাকার প্রচার করে প্রভাবশালীরা।
এর জের ধরে সৈয়দাবাদ ভূঁইয়াবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এবং আহলাদীনগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা সালিশ বসিয়ে ফতোয়া দেয়- বিচার না হওয়া পর্যন্ত শাবানা ও রিপনের পরিবারকে একঘরে করে রাখতে হবে। বিচারের জন্য আগামী শুক্রবার দিন ঠিক করে দেয় তারা।
রিপনের বাবা মো. ছফি উল্লাহ অভিযোগ করেন, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় মসজিদ কমিটির সভাপতি তোফায়েল আহমদ এলাকার প্রভাবশালী ব্যাক্তিদের নিয়ে শাবানা ও রিপনকে জড়িয়ে অপবাদ ছড়ায়।
তিনি বলেন, একঘরে ঘোষণা করায় গ্রামের কোনো দোকানদার গত ১৫ দিন তাদের কাছে মালামাল বিক্রি করেনি। তাদের বাড়ি থেকেও বের হতে দেওয়া হয়নি।
একঘরে করার বিষয়টি স্বীকার করে তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা বেশরিয়তি কাজ করেছে। তাই আমরা, দুই গ্রামের সমাজের লোক তাদের সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। বিচার না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম সামাজিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।"
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল শহীদ বলেন, শাবানার আত্মহত্যার পর সোমবার বিষয়টি জানতে পেরেছেন তিনি।
ওসি সারোয়ার আলম জানান, শাবানার মৃত্যুতে তার আরেক চাচা বদিউল আলম বাদী হয়ে তোফায়েল আহমেদ ও আব্দুল আজিজসহ পাঁচজনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেছেন।
তিনি বলেন, সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৪৫ ঘ.
bdnews24