হবিগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সোমবার বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার বিরাট উজানপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছ (৮০) ও ইটনা উপজেলার কালিপুর গ্রামের কমলা খাতুন (৪০)।
আজমিরীগঞ্জ থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১২টার দিকে নগর মাদ্রাসার সামনের রাস্তায় বজ্রপাতে কুদ্দুছের মৃত্যু হয়। তিনি বিরাট জামে মসজিদের সাবেক মোতওয়াল্লী।
ওদিকে কমলা খাতুন বাড়ির পাশে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
ওসি জানান, কমলাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৯ ঘ.
bdnews24