২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের ক্যাটাগরি উন্নয়নে ব্যবস্থা নেওয়ার তাগিদ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১-এ উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১-এ উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বলছে, ক্যাটাগরি-১ এ উন্নীত করা না গেলে অক্টোবর-নভেম্বর মাসে নিউইর্য়কগামী ফ্লাইট চালু করা সম্ভব হবে না। রোববার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক বৈঠকে এ ব্যাপারে তাগিদ দেওয়া হয় বলে জানান সদস্য মইন উদ্দীন খান বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকবমকে তিনি বলেন, "যেহেতু অক্টোবর-নভেম্বরে ঢাকা-নিউইর্য়ক ফ্লাইট চালুর কথা রয়েছে, সেহেতু এর আগেই আমরা বিমানবন্দরের ক্যাটাগরি উন্নয়নের সুপারিশ করেছি। ফ্লাইট চালু করা না গেলে বিমানের বহরে সদ্য যুক্ত দুটি বোয়িং উড়োজাহাজ কোনো কাজে লাগবে না।" তিনি জানান, গত বছরের শেষ দিকে ইউরোপীয় এভিয়েশন সেফটি এজেন্সির (ইসা) প্রতিনিধিদল বাংলাদেশে আসে। তারা আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) 'সিগনিফিকেন্ট সিকিউরিটি কনসার্ন' (এসএসসি) তালিকাতেই রেখে যায় বাংলাদেশকে। ওই তালিকায় নাম থাকায় ইউরোপের আকাশে চলাচলের সুযোগ নেই বাংলাদেশ বিমানের। সিঙ্গাপুর সিভিল এভিয়েশনও বিমানের পুরনো ডিসি-১০ ও এয়ারবাস তাদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে। কমিটির আরেক সদস্য মো. মেজবাউদ্দীন ফরহাদ জানান, বাংলাদেশ সিভিল এভিয়েশন ক্যাটাগরি-২ এ থাকায় যুক্তরষ্ট্রের ফেডারেল এভিয়েশনও (এফএও) সেখানে বিমানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেবে না। শাহজালাল বিমানবন্দরকে ক্যাটাগরি-১ এ উন্নীত করতে হলে আইকাও-এর সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে যাতে এসএসসি তালিকা থেকে এ বিমানবন্দরের নাম প্রত্যাহার করা হয়। অন্যদের মধ্যে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, হুইপ মো. মুজিবুল হক, মো. ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী ও শেফালী মমতাজ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২০৪৩ ঘ.