২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা থেকে দুই যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

গাজীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এই দুই যুবক হলেন নরসিংদীর পলাশ থানার পিরিন্দার টেকপাড়া গ্রামের ইমতিয়াজ আহমেদ ওরফে নাঈম (২৪) এবং কালীগঞ্জ থানার চৈতার পাড়ার বাসিন্দা জামিল হোসেন। জেলা যুবদল দুজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে। শনিবার লাশ দুটি উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। শুক্রবার শীতলক্ষ্যা নদীতে যুবদল কর্মীদের ওপর যুবলীগের হামলার পর নাঈম ও জামিল নিখোঁজ হন বলে যুবদল অভিযোগ করেছে। তবে জেলা যুবলীগ এই হামলার কথা অস্বীকার করেছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেলে কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে কালীগঞ্জ পৌর যুবদলের কাউন্সিলের আয়োজন করা হয়। ট্রলারে করে কাউন্সিলে আসার পথে কালীগঞ্জ থানা গুদারাঘাট এলাকায় যুবদল কর্মীদের ওপর অপর একটি ট্রলার থেকে কতিপয় যুবক হামলা চালায় বলে অভিযোগ করেন সবুজ। এসময় বেশ কয়েকজন কর্মী আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। হামলায় বালীগাঁও গ্রামের যুবদলকর্মী মো. আরিফ হোসেন, মো. নাছিবুর রহমান, মো. হারুন-অর-রশিদ ও মো. আবদুল বারেকসহ ১০-১২ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবলীগ এই হামলা চালিয়েছে। নৌকায় হামলার পর থেকে নাঈম ও জামিল নিখোঁজ ছিলো। পরে শনিবার বিকেলে বেসরকারি ডুবুরীদল শীতলক্ষ্যা নদীর ইসলামপাড়া ঘাট এলাকা থেকে নাঈমের লাশ উদ্ধার করে এবং রাত ১১টার দিকে স্থানীয়রা নদীতে জাল ফেলে জামিলের লাশ উদ্ধার করে বলে জানান সবুজ। এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবলীগ এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি বলেন, বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। নরসিংদীর পলাশ থানার ওসি মো. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাঈমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ মামলা বা অভিযোগ করেনি বলে জানান ওসি। কালীগঞ্জ থানায় ওসি কাজী দাউদ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জামিলের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫২ ঘ.