ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র নারীদের মাতৃত্বকালীন ভাতার পরিমাণ ও আওতা বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডরপ)।
রোববার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় ডরপের সাধারণ সম্পাদক এএইচএম নোমান বলেন, "সামাজিক নিরাপত্তা বেষ্টনির অংশ হিসেবে সরকার দরিদ্র নারীদের জন্য ৩৫০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে। কিন্তু এ ভাতা পর্যাপ্ত নয়। এর পরিমাণ বাড়িয়ে পাঁচশ টাকা করা উচিত।"
বর্তমান ব্যবস্থায় ২০ বছরের বেশি বয়সী একজন দরিদ্র মা তার প্রথম বা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে একবার এ ভাতা পায় জানিয়ে তিনি বলেন, "দেশের প্রতি ইউনিয়নে ১৮ জনের বদলে কমপক্ষে ৫০ জন মাকে এই ভাতা দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।"
নোমান জানান, ডরপের উদ্যোগে ২০০৫ থেকে দেশের গ্রামাঞ্চলে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। আর সরকার ২০০৭-০৮ অর্থবছর থেকে এ কর্মসূচি শুরু করেছে।
তিনি বলেন, "ডরপ ২০০৯-১০ সাল থেকে দরিদ্র পরিবারগুলোর জন্য 'স্বপ্ন' নামে ২০ বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নেয়। যার মূল লক্ষ্য মাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার পাশাপাশি বাবা ও শিশুর উন্নয়নে সহায়তা করা। সরকারের পক্ষ থেকেও এ ধরনের একটি প্রকল্প নেওয়া প্রয়োজন।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন বলেন, "দারিদ্র্য বিমোচনে সরকারের পাশাপাশি ডরপের উদ্যোগ প্রশংসনীয়। তাদের 'স্বপ্ন' প্রকল্পের মতো একটি প্রকল্প সরকার গ্রহণ করলে তাতে দরিদ্র জনগণ উপকৃত হবে।"
নারী উন্নয়ন নীতি প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন, "আমিনীরা না বুঝে এ নীতি নিয়ে আন্দোলন করছেন। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় এ নীতিমালায় নেই।"
সভায় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন, সিরডাপের পরিচালক (গবেষণা) আনোয়ারা বেগম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমইউএস/জেকে/১৬৪৯ ঘ.
bdnews24