২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ছাড়তে ইউনূসকে সাবেক কর্মীদের আল্টিমেটাম

মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান পদে নিয়োগ দিতে বর্তমান কর্মীরা দাবি জানালেও সাবেক একদল কর্মী তাকে গ্রামীণ ব্যাংক ছাড়তে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 09:40 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক ভবন ছাড়তে মুহাম্মদ ইউনূসকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মীরা। রোববার দুপুরে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি ও গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদের ব্যানারে মিরপুর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। একই দিন চট্টগ্রামে 'গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি' ইউনূসকে চেয়ারম্যান পদে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। আল্টিমেটামের ঘোষণা দেওয়ার আগে সুপ্রীম কোর্টের রায়কে অভিনন্দন' জানিয়ে মিরপুরে মিছিল করে অবসরপ্রাপ্ত ও 'নির্যাতিত' কর্মীরা। পরে সমাবেশ গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদের চেয়ারম্যান কে এম শহীদুল হক বলেন, "সাত দিনের মধ্যে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক ভবন ছাড়তে হবে। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" "যারা কোনো কিছুই বুঝে না তাদের গ্রামীণ ব্যাংকের পরিচালক বানিয়ে রাখা হয়েছে। এসব 'পুতুল' পরিচালক নিয়োগ কোনো ভালো উদ্দেশ্যে হতে পারে না।" তিনি বলেন, ১১ বছর আগে ড. ইউনূসের এমডি পদ অবৈধ হলে তাদের চাকরিচ্যুতি ও জোরপূর্বক অবসরে পাঠানোর নোটিসও অবৈধ। গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির আহ্বায়ক মাসুম সরকার বলেন, সাত দিনের মধ্যে ইউনূস ব্যাংক না ছেড়ে গেলে সারাদেশের চাকরিচ্যুত ও জোরপূর্বক অবসরে পাঠানো আট হাজার কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, "অনেক নাটক করেছেন, আর নাটক করবেন না। বেশি নাটক করলে আপনাকে এর মূল্য দিতে হবে।" তাদের দাবি আদায়ে ব্যাংক অবরোধ, অনশন এবং প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলেও জানান মাসুম । সমাবেশে অন্যদের মধ্যে গ্রামীণ ব্যাংকের সাবেক সহকারী মহাবব্যস্থাপক শেখ লিয়াকত আলী, জাহিদুল ইসলাম সিদ্দিকী, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির টাঙ্গাইল জেলা সভাপতি মোজাম্মেল হক, গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ'র সদস্য লিয়াকত আলী ও গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল জোনের সাবেক ম্যানেজার ফজলুল করীম বক্তব্য দেন। অন্যদিকে, দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির আঞ্চলিক নির্বাহী কমিটি সংবাদ সম্মেলন করে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, "আইনকে শ্রদ্ধা করি, তাই আদালতের রায় মেনে নিতে আমরা বাধ্য। আমাদের বিশ্বাস ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত রাখা হলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরো সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।" ব্যাংকটি বর্তমানে 'কঠিন সঙ্কটের' মুখোমুখি- এমন কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, "ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী, ৮৩ লাখ ঋণগ্রহীতা ও তাদের পরিবার আজ অভিভাবকহীন। লাখ লাখ আমানতকারী আস্থাহীনতায় ভুগছেন।" গত ৫ মে সুপ্রিম কোর্ট ড. ইউনূসের করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন খারিজ করে দেয়। আলী বলেন, "আমরা আশা করেছিলাম ড. ইউনূস দেশের সর্বোচ্চ আদালত থেকে সুবিচার পাবেন।" সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির উপদেষ্টা ছগিরুর রশিদ চৌধুরীকে 'অপহরণ' করা হয়েছিলো দাবি করে ঘটনার প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন, সহ- সভাপতি মো. ইব্রাহিম, কোষাধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/সিএম/এএল/এমআই/১৫৩৩ ঘ.

এ সম্পর্কিত আরো খবর