রাজবাড়ী, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এক যুবক খুন হয়েছে।
রোববার ভোররাতে পদ্মাপাড়ের যৌনপল্লীতে খুনের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শাহিন আলম (২২) যশোর জেলার বাঘার পাড়ার মহিরন গ্রামের বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, পল্লীর দক্ষিণ দিকে একটি বাড়ির পাশে দুর্বৃত্তরা শাহিনকে কুপিয়ে হত্যা করে। ভোরে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি জানান, শাহীনের পকেটে থাকা কাগজ থেকে তার পরিচয় জানা গেছে। তার পরিবারকে খবর জানানো হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০১ ঘ.
bdnews24