২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের পাইপলাইনের নির্গত গ্যাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাটির নিচে তিতাসের পাইপ লাইন থেকে নির্গত গ্যাসে আগুন ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

গাজীপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাটির নিচে তিতাসের পাইপ লাইন থেকে নির্গত গ্যাসে আগুন ধরেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সফিপুর বাজারের কাছে শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ড হয় বলে দমকল কর্মকর্তারা জানান। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস ছামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফিপুর বাজার থেকে বড়ইবাড়ি যাওয়ার রাস্তায় অটোরিকশা স্ট্যান্ডে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতাত গ্যাসের ভূগর্ভস্থ পাইপ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে। কোনো পথচারীর ছোড়া সিগারেটের পোড়া অংশ থেকে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের শিখা প্রায় ৪-৫ ফুট উচ্চতায় উঠে বলে জানান দমকল কর্মকর্তা। তিনি বলেন, এ সময় আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। কেউ কেউ দোকানের মালামাল সরিয়ে নেওয়ারও উদ্যোগ নেয়। রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানো হলেও পাইপের ছিদ্রপথে গ্যাস তখনও বের হচ্ছিল। ঘটনাটি গাজীপুর তিতাস গ্যাস অফিসে জানানো হলেও রাত কেউ যায়নি। রাত পৌনে ১১টার দিকে গাজীপুর তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী শামীম আহমেদের কাছে ওই আগুনের খবর জানতে চাইলে সাংবাদিকের পরিচয় পেয়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.