নয়া দিল্লী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা রেলপথে মৈত্রী এক্সপ্রেস চলাচলের চুক্তি তিন বছরের জন্য নবায়ন করেছে বাংলাদেশ ও ভারত। প্রস্তাবিত আখাউড়া-আগরতলা রেলপথের গতিপথ নিয়েও সিদ্ধান্তে পৌঁছেছে দুই পক্ষ।
নয়া দিল্লীতে দুই দেশের রেল কর্তৃপক্ষের চার দিনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শুক্রবার এ বৈঠক শেষ হয়।
২০০৮ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) দুই দেশের মধ্যে চলাচল শুরু করে মৈত্রী এক্সপ্রেস। প্রাথমিকভাবে এই ট্রেন চলাচলের বিষয়ে তিন বছরের চুক্তি হয়। দিল্লীতে গত মঙ্গলবার শুরু হওয়া বৈঠকে দুই দেশের রেল কর্মকর্তারই এ চুক্তি নবায়নের বিষয়ে একমত হন।
মৈত্রী এক্সপ্রেসের ভ্রমণ সময় কীভাবে আরো কমিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা করেন দুই দেশের কর্মকর্তারা। এর ভিত্তিতে শিগগিরই সময়সূচিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তারা।
মৈত্রী এক্সপ্রেসের জন্য বিমানবন্দরের মতো করে স্বয়ংক্রিয় 'লাগেজ হ্যান্ডলিং সিস্টেম' চালুর একটি প্রস্তাব নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ ছাড়া কলকাতা স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের জন্য আলাদা টিকেট কাউন্টার বসনোর সিদ্ধান্ত হয়।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের বিষয়ে একমত হয় দুই পক্ষ। তখনই সিদ্ধান্ত হয়, ১৪ কিলোমিটার রেলপথ স্থাপনের এ প্রকল্প বাস্তবায়িত হবে ভারতের অনুদানে।
কর্মকর্তারা জানান, চার দিনের বৈঠকে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এই রেলপথের গতিপথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ২৫১ কোটি রুপি ব্যয় হবে ভারতের। রেলপথ তৈরির মূল কাজটি করবে ভারতীয় রেলওয়ের উত্তরাঞ্চলীয় বিভাগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। আগরতলা-আখাউড়া রেল চলাচল শুরু হতে সময় লাগবে তিন থেকে চার বছর।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহা পরিচালক মোহাম্মদ তৌহিদ উল আনোয়ার চৌধুরী।
ভারতীয় রেল কর্মকর্তারা জানান, এ প্রকল্পের বাংলাদেশ অংশের সম্ভাব্যতা জরিপ চলছে বলে বৈঠকে জানানো হয়েছে তাদের। আর ভারতীয় অংশের প্রাথমিক জরিপ ইতোমধ্যে শেষ হয়েছে।
আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলা পর্যন্ত মিটার গেজ এ রেলপথের দৈর্ঘ্য হবে ১১ দশমিক ৫ কিলোমিটার। পরবর্তীতে একে ব্রড গেজে রূপান্তরিত করারও সুযোগ থাকবে।
এই রেলপথ চালু হলে বাংলাদেশের আখাউড়ার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের সরাসরি রেল যোগাযোগ চালু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে পণ্য পরিবহন অনেক সহজ হয়ে আসবে।
এই রেলপথে কনটেইনারবাহী ট্রেন চলাচলের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩৩ ঘ.
bdnews24