২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'না এলে বিএনপিকে ছাড়াই সংবিধান সংশোধন'

বিশেষ কমিটিতে না গেলে বিএনপিকে বাদ দিয়েই সংবিধান সংশোধন এবং কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ কমিটিতে না গেলে বিএনপিকে বাদ দিয়েই সংবিধান সংশোধন এবং কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে মাহাবুব-উল-আলম হানিফ এ কথা বলেন। তিনি বলেন, "বিভিন্ন সময়ে স্বৈরশাসকরা সংবিধানকে যে কাটা-ছেড়া করেছে, আমরা তা ঠিক করছি। বিএনপি না এলে তাদের বাদ দিয়েই সংবিধান সংশোধন ও কার্যকর করতে হবে।" তবে এখনো বিএনপির বিশেষ কমিটিতে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি। সংসদ ভেঙে দিয়ে সাংবিধানিক পরিষদ গঠনের যে দাবি বিএনপি করেছে- তার সমালোচনা করে হানিফ বলেন, "এতে দলটির ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী একমাত্র সংসদই পারে সংবিধানের পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করতে।" সংবিধানের ৬২ (১) অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেন, "সংসদ ভেঙে দেওয়ার কথা বলে বিএনপি আমাদের পবিত্র সংবিধানকে অবমাননা করেছে।" আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না- এমন দাবি করে হানিফ বলেন, "দেশবাসীকে দুর্ভোগে নিক্ষেপ করা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারে এমন যে কোনো পথকে অবশ্যই দৃঢ়তার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১৯৩৯ ঘ.