সিরাজগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৭ জন।
শুক্রবার বিকাল ৪টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রানীনগর পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রায়গঞ্জ উপজেলার মধুপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দ (২৬) ও সলঙ্গা থানার বড়গোজা গ্রামের আবুল কাশেম (৬৮)।
আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুননবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই রেগুনাযাত্রীর মৃত্যু হয়। লেগুনাটি দুমড়েমুচড়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ লেগুনা ও বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯১৭ ঘ.
bdnews24