২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি চলছে

চিকিৎসকদের লাঞ্ছনাকরীর বিচারসহ পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

রাজশাহী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের লাঞ্ছনাকরীর বিচারসহ পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার বিকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। ওইদিন দুপুরে ছয় নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর অভিভাবক চিকিৎসায় অবহেলার অভিযোগে ডা. ইকরামুল হককে মারধর করেন। তাকে রক্ষা করতে গেলে ডা. হাসান মাহমুদ ও ডা. বনি আমিনও লাঞ্ছিত হন। সমস্যা সমাধানে শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালকের সভাকক্ষে এক বৈঠক হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. সৈয়দ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বৈঠকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী, উপ-পরিচালক মজিবুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মহিবুল আহসান ও নগরীর রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন এবং ওয়ার্ডের প্রধানরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষানবিস চিকিৎসক ডা. বনি আমিন ও ডা. রকি সাংবাদিকদের বলেন, হাসপাতালে নিরাপত্তার অভাবে এর আগে বহুবার তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নিরাপত্তার দাবি জানালে প্রতিবারই তাদের আশ্বাস দেওয়া হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাই দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কাজে যোগ দেবেন না। এদিকে সভা শেষে হাসপাতালের পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজে যোগ না দিলে বিধি অনুযায়ী শিক্ষানবিস চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক আছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৭ ঘ.