২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো আঁখি

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের আঁখি আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

নাটোর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের আঁখি আক্তার। শুক্রবার সকালে আঁখির (১২) তিলকপুরে খালার বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়েছিলো। স্থানীয়দের সহায়তায় সকাল ১০টায় পুলিশ গিয়ে তা বন্ধ করে। আঁখি স্থানীয় লালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। পাশের কলসনগর গ্রামের হায়দার আলীর সঙ্গে বাবা-মা তার বিয়ে ঠিক করেন বলে পুলিশ জানায়। লালপুর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, হায়দার আগে একটি বিয়ে করেছিলো। ওই স্ত্রীকে তালাক দিয়ে এ বিয়ে করার উদ্যোগ নেয়। এলাকার লোকজন প্রথমে আঁখির বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করতে না পারলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানায়। পুলিশ কর্মকর্তা বলেন, পাঁচ হাজার টাকা যৌতুক নিয়ে হায়দার এ বিয়ে করছিল। তাকে খোঁজা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা গেলে আদালতে হাজির করা হবে। আঁখি আক্তারের মা আছিয়া বেগম সাংবাদিকদের বলেন, "ওর বাপ ভ্যান চালায়ে সংসার চালায়। ছেলেডা মাত্র ৫ হাজার টাকা যৌতুক নিয়ে বিয়ে করতে চাইছিল। তাই বিয়ে দিচ্ছুনু। এবার ভুল বঝতে পারছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১১ ঘ.