দিনাজপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণে প্রশাসনের আশ্বাস পেয়ে ফুলবাড়ির অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তেল-গ্যাস রক্ষা খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।
বুধবার খনি অবরোধ কর্মসূচিতে হামলার পর বৃহস্পতিবার উপজেলা সদরে রাজপথ-রেলপথ অবরোধ শুরু করে নাগরিক এ কমিটির ফুলবাড়ি শাখা।
দুপুরে ২ ঘণ্টার বৈঠকের পর বিকাল ৪টায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
তাদের দাবি- বড়পুকুরিয়া খনির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের গত আমন ফসলের জন্য ক্ষতিপূরণ প্রদান, স্থানীয়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজ বন্ধ করা।
তেল-গ্যাস রক্ষা কমিটির দিনাজপুর শাখার আহ্বায়ক আলতাফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মে মাসের মধ্যে আমন ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া মামলা আইনগত প্রক্রিয়ায় প্রত্যাহার এবং ভূমি জরিপ কাজও বন্ধ রাখার আশ্বাস মিলেছে।
ফুলবাড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ওই বৈঠকে প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র।
আন্দোলনকারীদের পক্ষে আলতাফ ছাড়াও ছিলেন কমিটির ফুলবাড়ি শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল, সদস্য এসএম নূরুজ্জামান।
তিন দফা দাবিতে দুই দিন খনি অবরোধের পর বুধবার খনি এলাকায় রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি শুরু করে তেল-গ্যাস রক্ষা কমিটি। বুধবার বিকালে খনি এলাকায় সমাবেশে হামলা হলে আন্দোলনকারীরা ফুলবাড়ি উপজেলা সদরে রেল ও সড়ক পথ অবরোধ করে।
জাহাঙ্গীরনগরে কর্মসূচি
বড়পুকুরিয়ায় তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হয়ে বটতলা চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাজিব কর্মকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক মৈত্রী বর্মন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24