বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিএনপি ও শ্রমিক লীগ সভা ডাকায় বাগেরহাটের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে নির্ধারিত সভা করতে পারেনি বিএনপি।
শহরের পিসি কলেজ এলাকায় বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপিন সভা করার কথা ছিলো। ওই সময়ে ওই স্থানে সভা করার ঘোষণা দেয় সরকার সমর্থক শ্রমিক লীগ।
তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন বলে বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ সভা আহ্বান করে। দলটি বলছে, তাদের কর্মসূচি ভণ্ডুল করতেই একই স্থানে শ্রমিক লীগ সভা ডাকে।
প্রথমে শুধু বাগেরাহট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। কিন্তু বিএনপি শহর সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন এলাকায় জনসভা করার প্রস্তুতি নিলে সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়। ফলে কোথাও সভা করতে পারেনি বিএনপি।
বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ১৪৪ ধারা জারির সমালোচনা করে বলেন, "প্রশাসন তাদের নিরপেক্ষতা হারিয়ে এ সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাচ্ছে।"
বর্তমান সরকারের সময়ে সারা দেশে বিএনপির ৪৯টি সভা এভাবে পণ্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা সভাপতি শেখ রেজাউর রহমান মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং মে দিবস উপলক্ষে তারা সভা ডেকেছিলেন। কিন্তু প্রশাসনের ১৪৪ ধারা জারি করায় তা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯০০ ঘ.
bdnews24