ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের হেফজতে রুবেল হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনসহ ১৩ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। নিু আদালতের রায়ে এদের মধ্যে ১২ জনকে যাবজ্জীবন ও এক জনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো।
এছাড়া মামলার আরেক আসামি পুলিশের উপ পরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখা হয়েছে।
বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও মুহাম্মদ আব্দুল হাফিজের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বিকেলে এই রায় দেন।
১৯৯৮ সালের ২৩ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফজতে থাকা অবস্থায় মৃত্যু হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শাহীন রেজা রুবেলের।
ওই ঘটনায় দায়ের করা মামলার রায়ে ২০০২ সালের ১৭ জুন ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন, মো. আমিনুল ইসলাম খান, মো. আব্দুল করিম, মো. নুরুজ্জামান, রাতুল পারভেজ, মীর ফারুক হোসেন, মো. কামরুল হাসান, আমির আহমেদ তারিক, মো. নুরুল আমিন, মং সে ওয়েন, মো. আবুল কালাম আজাদ এবং মো. জাকির হোসেন।
এছাড়া মুকুলি বেগম নামে এক আসামিকে দেওয়া হয় এক বছরের কারাদণ্ড।
আসামিদের পক্ষ থেকে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার পর দীর্ঘদিন মামলাটি ঝুলে থাকে।
এরপর বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে এসি আকরাম ও মুকুলি বেগমসহ ১৩ আসামিকে খালাস দেওয়া হয়। তবে এসআই হায়াতুল ইসলামের সাজা বহাল রাখা হয়েছে।
এই মামলায় এসি আকরাম বর্তমানে কারাগারে এবং বাকি আসামিরা জামিনে রয়েছেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শাকিলা রওশন।
শাকিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১২১ ঘ.
bdnews24