২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার বাকি মির্জা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

সিরাজগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার বাকি মির্জা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক জাকারিয়া মাসুদ ওরফে জাকারিয়া (২৫) সিরাজগঞ্জ শহরের ওষুধ ব্যবসায়ী ও জানপুর মহল্লার বাসিন্দা। এর আগে এ মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি শহিদ উল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ১০টার দিকে ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে সিরাজগঞ্জের রায়পুরের র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি কমান্ডার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জাকারিয়া বলেন, কাজিপুর পরিকল্পনা বিভাগে গাইনি ও শিশু চিকিৎসক হিসেবে কর্মরত আব্দুল লতিফের নিদের্শে রুহুল আমিন বাবু, কিরণ ও তিনিসহ ৫ জন মিলে বাকিকে হত্যা করা হয়। অন্য দুইজন তার অপিরিচিত। ওষুধ ব্যবসা ও পরকীয়া প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এ হত্যার পরিকল্পনা করা হয় বলে জানান তিনি। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুল লতিফকে আটক করতে দুপুরে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া না গেলেও অভিযান অব্যাহত রয়েছে। গত ১৭ এপ্রিল সরকারি ডরমেটরির ২য় তলায় ৮ নম্বর কক্ষ থেকে ডা. আব্দুল বাকি মির্জার (৪০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পুলিশ বাকি মির্জার সম্পর্কীয় বোন ওয়াসিমা খাতুন এশা এবং ২৬ এপ্রিল এশার সাবেক স্বামী রুহুল আমিন বাবুকে গাজীপুরের মাদবপুর থেকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৭২৮ ঘ.