২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড় ডাঙ্গায় তুলে আনলো জাহাজ

কালবৈশাখী ঝড় ডাঙ্গায় তুলে আনলো মংলা সমুদ্র বন্দরে নোঙর করে থাকা চালবাহী জাহাজ এমভি বাংলার মায়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড় ডাঙ্গায় তুলে আনলো মংলা সমুদ্র বন্দরে নোঙর করে থাকা চালবাহী জাহাজ এমভি বাংলার মায়াকে। বুধবার বিকালে ঝড়ের সময় ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের সময় বন্দর কর্তৃপক্ষ বিশেষ কৌশলে জাহাজটিকে টেনে নদীতে নামিয়ে আনে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশি পতাকাবাহী এমভি বাংলার মায়া গত ১৪ এপ্রিল ৬ হাজার টন চাল নিয়ে বন্দরে ভেড়ে। পশুর চ্যানেলে নোঙর করে জাহাজ থেকে চাল খালাস হচ্ছিলো। বুধবার বিকালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে জাহাজটি নোঙর ছিড়ে সংলগ্ন সুন্দরবনের নন্দবালা ফরেস্ট অফিস এলাকায় ডাঙায় উঠে পড়ে। এনামুল বলেন, রাতে মংলা বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ এমটি অগ্নিপ্রহরী জাহাজটি টেনে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবার চেষ্টা শুরু করে অগ্নিপ্রহরী। "জাহাজটি নামানোর সুবিধায় জাহাজের তলদেশে জোয়ারের পানি পৌঁছাতে সেখানে একটি খাল কাটা হয়। দুপুর ১টার দিকে জোয়ারের সময় অগ্নিপ্রহরীকে দিয়ে টেনে জাহাজটি নদীতে নামিয়ে আনা সম্ভব হয়", বলেন তিনি। তবে জাহাজ ও জাহাজে থাকা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এনামুল জানান। জাহাজটিতে এখনো প্রায় ৮শ মেট্রিক টন চাল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.