ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার জন্য কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। এ জন্য সরকারকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে তারা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় মিরপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি ও সমিতির বর্তমান কমিটির উপদেষ্টা ছগীরুর রশিদ চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি বলেন, "অন্য কোনো চেয়ারম্যানকে এ প্রতিষ্ঠানে ঢুকতে দেবো না আমরা। দুই সপ্তাহের মধ্যে বর্তমান চেয়ারম্যানকে প্রত্যাহার করে ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান না বানালে আমরা কঠোর আন্দোলনে যাবো।"
সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের করা আবেদন আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ার পর এ সংবাদ সম্মেলন ডাকে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি।
সকাল ১১টা থেকে সারা দেশে গ্রামীণের সব প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মবিরতি পালন করছে জানিয়ে ছগীর বলেন, "আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে আমরা জেল খাটবো। এখানে যদি অন্য কোনো চেয়ারম্যানকে ঢুকতে হয়, তাকে আমাদের সবার লাশের ওপর দিয়ে ঢুকতে হবে। প্রধানমন্ত্রীর ছেলেকে চেয়ারম্যান করে পাঠালেও এ প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না।"
বর্তমান সরকার গ্রমীণ ব্যাংককে লুটপাট করে খেতে চায়- এমন মন্তব্য করে ছগীর বলেন, "শেয়ার বাজার থেকে লুটপাট করে খেয়েও সরকারের হয়নি! এখন এই প্রতিষ্ঠানের দিকে নজর দিয়েছে। কিন্তু আমরা তা হতে দেবো না।"
গ্রামীণ ব্যাংকের জুনিয়র অফিসার ছগীরের ভাষায়, বাংলাদেশের সংসদ ও বিচার বিভাগ বিতর্কিত হয়ে গেছে। নোবেল বিজয়ী ইউনূস আদালত থেকেও নিরপেক্ষ বিচার পাননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ভারতের লোক তো আপনাকে ভোট দেয়নি। কিন্তু আপনি ভারতের অমর্ত্য সেনকে এনে একুশে বইমেলার উদ্বোধন করলেন। দেশের সম্মানিত ব্যক্তিকে বাদ দিয়ে অমর্ত্য সেনকে দিয়ে বইমেলার উদ্বোধন করে দেশের মানুষকে অপমান করেছেন আপনি।"
গ্রামীণ ব্যাংকের শ' খানেক কর্মচারীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবদুস সাফি মঞ্জুর।
গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।
এ নিয়ে দেশে বিদেশে আলোচনার ঝড় উঠলে সরকার গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে একটি কমিটি গঠন করে। বয়স ৬০ বছর পেরিয়ে যাওয়ার পরও ইউনূস কীভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পদে বহাল থাকেন- সে বিষয়েও প্রশ্ন তোলা হয় সরকারের ভেতর থেকে।
গ্রামীণ ব্যাংক নিয়ে পর্যালোচনা কমিটির তদন্তের মধ্যেই গত ২ মার্চ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আদালতে যান তিনি।
বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ ইউনূসের 'রিকল' আবেদনের পাশাপাশি একই বিষয়ে গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালকের আপিলের আবেদনও (লিভ টু আপিল) খারিজ করে দেয়।
আদেশের পর নয় পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নোবেলজয়ী ইউনূসকে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "তা সম্ভব নয়, কারণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্য থেকে সরকার মনোনীতদের একজনকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।"
কর্মীদের আন্দোলন ও দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা যে কোনো দাবি করতেই পারেন। তবে চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। এখানে গ্রামীণ ব্যাংক বোর্ডেরও কোনো হাত নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিসি/এসআই/এমএমআর/জেকে/১৯৫২ ঘ.
bdnews24