ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের করা আবেদন আপিল বিভাগ খারিজ করার পর সংবাদ সম্মেলন ডেকেছে গ্রামীণ ব্যাংক।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম) জান্নাত ই কাওনাইন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় মিরপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
ইউনূসের রিকল আবেদনের পাশাপাশি একই বিষয়ে গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালকের আপিলের আবেদনও (লিভ টু আপিল) বৃহস্পতিবার সকালে খারিজ করে আপিল বিভাগ।
আদেশের পর নয় পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নোবেলজয়ী ইউনূসকে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
এ বিষয়ে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, "তা সম্ভব নয়, কারণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্য থেকে সরকার মনোনীতদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।"
অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এরপর এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ইউনূস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24