২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হলে দ্রুত বিচার: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য দীর্ঘ বিচার প্রক্রিয়ায় না গিয়ে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ঘটনা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 07:25 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য দীর্ঘ বিচার প্রক্রিয়ায় না গিয়ে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ঘটনা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন (ইসি) এ বৈঠক ডাকে। সিইসি জানান, এবার প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন করে সদস্য মোতায়েন থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত স্ট্রাইকিং ফোর্সকে নির্বাচনী এলাকা টহলের পাশাপাশি ভোট কেন্দ্রের আশপাশে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, "প্রয়োজন দেখা দিলে তারা এবার ভোট কেন্দ্রের ভেতরেও প্রবেশ করতে পারবে। ভোট গণনার সময় কোনো অননুমোদিত ব্যক্তি ভোট সেখানে অবস্থান বা প্রবেশ করতে পারবে না।" শামসুল হুদা জানান, ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা কক্ষের চারপাশে স্ট্রাইকিং ফোর্স এবং অন্যান্য বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলবে। কেন্দ্র 'কর্ডন' করা হবে। তছাড়া ভোট গণনা নিঁখুত করতে সংশ্লিষ্টদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সিইসির সভাপতিত্বে এ বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইসি সচিব, গোয়েন্দা সংস্থা, পুলিশ, আনসার, ভিডিপি, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপ নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষক-কর্মচারীর নির্বাচন: পরিপত্র জারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর ও পল্লী) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাঠ পর্যায়ে নির্দেশনা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৯৬১ সালের অধ্যাদেশ অনুসরণ করে ইতোমধ্যে এ ব্যাপারে পরিপত্র জারি করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, অধ্যাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার নিষেধাজ্ঞা থাকলেও মাদ্রাসা ও জুনিয়র স্কুল (অষ্টম শ্রেণী) এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা পদত্যাগ না করে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ৫ জুলাই দেশের ৪১৪ উপজেলার ৩৮১৩ ইউপিতে ভোট গ্রহণ হবে। বিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০১০৮ ঘ.