২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের রক্ত ঝরালো 'ছাত্র'

পরীক্ষার কেন্দ্রে সিটে বসা নিয়ে ঘটনার জেরে গোপালগঞ্জ শহরে এক শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার ছাত্রের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

গোপালগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পরীক্ষার কেন্দ্রে সিটে বসা নিয়ে ঘটনার জেরে গোপালগঞ্জ শহরে এক শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার ছাত্রের বিরুদ্ধে। বুধবার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের স্ট্যান্ডার্ড ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। হাজী লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের আহত শিক্ষক মো. নাজমুল হককে (৪৩) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ মণ্ডল জানান, গত ১২ এপ্রিল লাল মিয়া সিটি কলেজ কেন্দ্রে এইচএসসি'র ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী শহরের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আব্দুল্লাহ আল নোমান ৯ নম্বর কক্ষে তার নির্ধারিত আসনে না বসে অন্য আসনে বসে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি টের পেয়ে কর্তব্যরত শিক্ষক নির্মলেন্দু বিশ্বাস তাকে তার আসনে বসে পরীক্ষা দিতে বলেন। আব্দুল্লাহ তখন ওই শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। ওই শিক্ষক বিষয়টি পরীক্ষা পরিচালনা কমিটিকে জানালে কমিটির সদস্য মো. নাজমুল হক ৯ নম্বর কক্ষে গিয়ে তাকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলেন। এর জেরে বুধবার বিকালে নাজমুল হক কলেজ থেকে বাড়ি ফেরার সময় আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ৫/৬ জন তরুণ তার উপর হামলা করে এবং হকিষ্টিক দিয়ে মেরে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ মণ্ডল বাদী হয়ে আব্দুল্লাহ আল নোমানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারী ওই শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.