২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিবসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে বরিশালের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

বরিশাল, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিবসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে বরিশালের একটি আদালতে। বুধবার জ্যেষ্ঠ বিশেষ জজ একেএম সলিম উল্লাহর আদালতে মামলাটি দায়ের করেন ঠিকাদার শহিদুর রহমান আবু। হাকিম অভিযোগটি নথিভুক্ত করে ঢাকায় দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আসামিরা হলেন- বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, সচিব, ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও স্টোর কিপার। এরমধ্যে ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক মফিজল আহম্মেদ ও স্টোর কিপার আ. রহিমের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। বাকিদের নাম দেওয়া হয়নি। মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী কাজী এনায়েত হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের ১১টি গুদাম ও গুদাম ঘরের বাহিরে রাখা ৭৫৯ আইটেমের বিভিন্ন লৌহজাত সামগ্রী নিলামের আয়োজন করে। মামলার বাদী শহিদুর রহমান আবু দুই কোটি দুই লাখ টাকার সর্বোচ্চ দরদাতা হিসেবে ৭৫৯ আইটেমের মালামাল ক্রয় করেন। কিন্তু টাকা জমা দেওয়ার পর কর্তৃপক্ষ ৭৫৯ এর মধ্যে ১০ আইটেমের মালামাল না দিয়ে অন্যত্র সরিয়ে রাখে। বাদী এ বছরের (২০১১ সাল) ১৭ জানুয়ারি মামলার বিবাদীদের পৃথক পৃথক উকিল নোটিশ দেন। এছাড়াও তিনি বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। এরপর গত ৩০ এপ্রিল ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক মফিজল আহম্মেদ ও স্টোর কিপার আ. রহিম মোবাইল ফোনে বাদী আবুর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিলে দরপত্রের সব মালামাল দেওয়া হবে বলে জানান তারা। কিন্তু বাদী এই টাকা না দেওয়ায় তারা মালামাল না দিয়ে গুদামে আটকে রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.