২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের গৌরব ফেরাতে সব কিছু করা হবে: প্রধানমন্ত্রী

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবণে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বিস্তারিত জানান। শেখ হাসিনা প্রতিনিধি দলকে বলেন, তার সরকারের সময়ই পাটের জিন বিন্যাস উদঘাটিত হয়েছে। এই সরকারের সময়েই পাটের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। এ জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বন্ধ পাটগুলোর মধ্যে ৭টি চালু করার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুটি পাটকল ইতোমধ্যে চালু করা হয়েছে। ডেপুটি প্রেস সচিব জানান, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম মাহফুজুল হক ও সেক্রেটারি জেনারেল আব্দুল কাইয়ুমের নেতৃত্বে প্রতিনিধিদল তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের দাবি-দাওয়া পূরণের বিষয়ে আশ্বাস দেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, দেশে প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ বেল পাট উৎপন্ন হয়। এর মধ্যে ৪০ থেকে ৪২ লাখ বেল পাট ব্যবহৃত হয় পাট কলে। বাকি পাট রপ্তানি করে বছরে ১২০০ কোটি টাকা আয় হয়। অন্যদের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ সময় উপস্থিত ছিলেন। জুট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ সদস্যদের পরিবারের মধ্যে ৪৩ লাখ টাকার চেক বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী গত ৪ ফেব্র"য়ারির বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গীপাড়ায় যান। সেখান থেকে ফেরার পথে তার বহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে ১২ ছাত্রলীগ কর্মী নিহত হন। তাদের মধ্যে ১০ জনের পরিবারের সদস্য এবং ওই ঘটনায় আহত একজনের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৪২ ঘ.