ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সময়ে তৈরি করা মুক্তিযোদ্ধার তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ নিষ্পত্তি এবং এ ধরনের চিহ্নিত ব্যক্তিদের বাদ দিয়ে চূড়ান্ত তালিকা করতে একাধিক কমিটি গঠন করেছে সরকার।
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের জন্য পৃথক যাচাই-বাছাই, পুনঃপরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটি পুনর্গঠন করা হবে। কমিটিগুলোর নাম হবে- 'উপজেলা যাচাই-বাছাই কমিটি', 'জেলা পুনঃপরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটি', 'মহানগর যাচাই-বাছাই কমিটি' ও 'কেন্দ্রীয় পুনঃপরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটি'।
এসব কমিটি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ও তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের নাম ও পরিচিতি যাচাই করবে।
এছাড়া ইতোপূর্বে তালিকাভুক্ত হতে না পারা মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির আবেদনগুলোর ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা যাচাই-বাছাই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
যারা ইতোমধ্যে তালিকাভুক্তির জন্য মন্ত্রণালয় অথবা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে আবেদন করেছেন, তাদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলায় পাঠানো হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হেেছ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তালিকাভুক্তির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন করে কোনো আবেদনপত্র নেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএন/এএল/২১২৬ ঘ.
bdnews24