ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ অনুযায়ী যথাযথ পদক্ষেপ না নেওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে ২২ মে হাজির হতে বলেছে হাইকোর্ট।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনে বুধবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
একইসঙ্গে আদালতের নির্দেশ পালনে যথায়থ পদক্ষেপ না নেওয়ায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে তা জানাতে বলা হয়েছে মেয়র সাদেক হোসেন খোকা ও সচিব সুরাইয়া বেগমকে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ গত সোমবার আদালত অবমাননার এই আবেদন করে। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট করুণাময় চাকমা।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদ মিনারের মর্যাদা রক্ষায় আদালত বেশ কিছু নির্দেশনা দিয়েছিলো। ওই রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি। তাই রায় বাস্তবায়ন ও শহীদ মিনারের মর্যাদা রক্ষায় আদালত আজ রুল দিয়েছে।"
এর আগে ২০১০ সালের ২৫ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় সরকারকে আট দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট।
ওই রায়ে শহীদ মিনারের রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নিতে সংস্কৃতি সচিবকে এবং নিরাপত্তারক্ষী নিয়োগ দিতে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২০৪৫ ঘ.
bdnews24